
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের দপ্তরে লিগ্যাল অফিসার (আইন কর্মকর্তা) হিসেবে নিয়োগ পেয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটে জাইমা রহমানকে লিগ্যাল অফিসার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। জাতিসংঘের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সভাপতির দপ্তরে বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা কাজ করছেন। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ছয়জন।
জাইমা রহমানের দায়িত্ব হবে সভাপতির দপ্তরের আইনি বিষয়গুলো দেখভাল করা। একই দপ্তরে বাংলাদেশি কূটনীতিক মো. আবদুল আলীম ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত দূরদর্শিতা বিষয়ে সিনিয়র উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সিনিয়র উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ প্রয়োজনসম্পন্ন দেশগুলোর বিষয়ে সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সভাপতিত্বকালেই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জাইমা রহমান আইন বিষয়ে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং যুক্তরাজ্য থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার প্রথম ধাপেও উত্তীর্ণ হন।
জাতিসংঘের সভাপতির দপ্তরে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ছয় কর্মকর্তার একজন হিসেবে জাইমার এই দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে এসেছে।
এসকে/এনএম
আরো পড়ুন : গোবরেও পদ্ম ফোটে, খালিয়াজুরীর শুভ এখন জজ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 

























