
নিজস্ব প্রতিবেদক | এসকেনিউজ২৪
শিশুদের হাসি-আনন্দে ভরিয়ে তোলা ছড়াকার, শিশুসাহিত্যিক ও গীতিকার আখতার হুসেন আর নেই। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের শিশুসাহিত্যের অন্যতম এই পুরোধা ব্যক্তিত্ব। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তাঁর দুই ছেলে পান্থ ও প্রমিত তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রায় ছয় দশক ধরে ছড়া, গল্প ও গানের মাধ্যমে শিশুদের জন্য নির্মাণ করেছিলেন আনন্দের এক নিজস্ব জগৎ। তাঁর লেখা ‘হ্যাঁরে খবরটা কী উড়ো’র মতো জনপ্রিয় ছড়া যেমন শিশুদের মুখে মুখে ফিরেছে, তেমনি মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর লেখা ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা’ গানেও ফুটে উঠেছিল দেশপ্রেম ও মুক্তির আকাঙ্ক্ষা।
আখতার হুসেনের মৃত্যুতে দেশের শিশুসাহিত্যের অঙ্গনে নেমে এসেছে গভীর শূন্যতা। তাঁর কলম আর নতুন কোনো ছড়া লিখবে না, শোনাবে না শিশুদের জন্য নতুন কোনো গল্প কিংবা উদ্দীপনাময় গান। তবে তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তিনি প্রজন্মের পর প্রজন্ম পাঠকের মাঝে বেঁচে থাকবেন।
১৯৪৫ সালের ১ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে জন্মগ্রহণ করেন আখতার হুসেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। সর্বশেষ তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্তচাপ কমে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটে।
প্রথমে ফার্মগেটের একটি হাসপাতালে ভর্তি করা হলে পরে তাঁকে বারডেম হাসপাতাল, গ্রিন লাইফ হাসপাতাল হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। গত শুক্রবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্বজন-সুহৃদ এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।
এসকে/এনএম
আরো পড়ুন : বর্জ্য ব্যবস্থাপনায় পিছিয়ে কেন্দুয়া, ডাম্প ইয়ার্ড নির্মাণে মতবিনিময়
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















