
জ্যেষ্ঠ প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনা সদর উপজেলার ৫৬ নম্বর কারলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশের পর সংশ্লিষ্টদের নজরে এসেছে। এরই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত সড়কটি সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নেত্রকোনা সদরও বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল হকের নিদর্শনায় এ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন সংশ্লিষ্টরা। এ সময় স্থানীয় বাসিন্দারা সড়কটির বেহাল পরিস্থিতি তুলে ধরে দ্রুত মেরামতের দাবি জানান। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় বাসিন্দাদের নিয়মিত চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তারা।
এলাকাবাসী জানান, কারলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রেখে আসছে। বিদ্যালয়ে যাতায়াতের প্রধান সড়কটি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত মেরামত না করা হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, সরেজমিনে পরিদর্শনের পর প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে ক্ষতিগ্রস্ত সড়কের মেরামতকাজ শুরু করা হবে। তারা বলেন, শুধু পরিদর্শন নয়, শিক্ষার্থী ও এলাকাবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সড়কটি দ্রুত ও টেকসইভাবে মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা শিক্ষা অফিস এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
তাদের প্রত্যাশা—কারলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কার করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
এসকে/এনডি
আরো পড়ুন : তাপমাত্রার নতুন রেকর্ড, সামনে আরও ভয়ংকর উষ্ণতার শঙ্কা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















