
স্পোর্টস ডেস্ক | এসকেনিউজ২৪
নেত্রকোনার মেয়ে জিন্নাত আক্তারের হাত ধরে দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক নিশ্চিত করল বাংলাদেশ। উশুর নারীদের ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই ক্রীড়াবিদ।
জিন্নাত নেত্রকোনা পৌর শহরের খতিবনগুয়া এলাকার মরহুম আরজ আলী ও রওশনা আক্তারের সন্তান। তার এই আন্তর্জাতিক সাফল্যে গর্বিত নেত্রকোনাবাসী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাপানের আইচি প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে নারীদের ৫২ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার থারিসা দিয়া ফ্লোরেন্তিনা। তবে নির্ধারিত ওজনসীমা পূরণ করতে ব্যর্থ হওয়ায় ইন্দোনেশিয়ার প্রতিযোগীকে অযোগ্য ঘোষণা করা হয়। ফলে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেন সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন জিন্নাত।
এশিয়ান গেমসে বাংলাদেশের সর্বশেষ ব্যক্তিগত পদক এসেছিল ১৯৮৬ সালে সিউল আসরে। সেবার বক্সার মোশাররফ হোসেন ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এরপর দীর্ঘ চার দশক পর ব্যক্তিগত ইভেন্টে আবারও পদক এনে দিলেন জিন্নাত।
জিন্নাতের এই সাফল্যে এশিয়ান গেমসে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে। এর মধ্যে একটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও নয়টি ব্রোঞ্জ।
এখন জিন্নাতের সামনে আরও বড় চ্যালেঞ্জ। বুধবার সেমিফাইনালে চীনের একজন প্রতিযোগীর মুখোমুখি হবেন তিনি। ওই লড়াইয়ে জয় পেলে ফাইনালে উঠে স্বর্ণ কিংবা রৌপ্য পদকের জন্য লড়ার সুযোগ পাবেন এই বাংলাদেশি উশু খেলোয়াড়।
নেত্রকোনার খতিবনগুয়ার সন্তান জিন্নাতের এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো জেলার ক্রীড়াঙ্গনের জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।
এসকে/এনএম
আরো পড়ুন : চার দশকের খরা কাটিয়ে এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের জিন্নাতের
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















