
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা নেত্রকোনার মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টা ৩৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। রাত ৯টা ৪৬ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খিলগাঁও স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা আবু তালহা বিন জসিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। আগুন নিভে গেছে, বর্তমানে শুধু ধোঁয়া রয়েছে।
এদিকে ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানান, ট্রেনটি ওয়াশপিটে ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তবে আগুনের সুনির্দিষ্ট কারণ কিংবা এটি নাশকতার ঘটনা কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নেত্রকোনার মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস প্রতিদিন রাত ১০টা ১৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। আগুনের ঘটনায় নির্ধারিত সময়ে ট্রেনটির যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















