
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগে দায়ের করা প্রতারণা মামলার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তারকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে তাঁর বিরুদ্ধে নেওয়া এ সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাদিয়া আক্তারকে নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। এ জন্য নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত বক্তব্য, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে নেত্রকোনা শহরের কুরপার এলাকা থেকে স্থানীয় লোকজন সাদিয়া আক্তারকে আটক করে পুলিশে দেয়। পরে প্রিয়া আক্তার নামে এক ব্যক্তি বাদী হয়ে নেত্রকোনা থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে ৯ সেপ্টেম্বর আদালত সাদিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বুধবার তিনি জামিনে মুক্তি পান।
এদিকে দলীয় নোটিশে অভিযোগের বিষয়ে সাদিয়ার আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছে। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারিক নিষ্পত্তি এবং দলীয়ভাবে পরবর্তী সিদ্ধান্ত—দুটি বিষয়ই পৃথক প্রক্রিয়ায় এগোবে।
এসকে/এনএম
আরো পড়ুন : জনতা ব্যাংক কর্মকর্তার পদোন্নতি : কেন্দুয়ায় আবেগঘন বিদায় সংবর্ধনা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















