
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল পৌরসভার চরের ঘাট এলাকায় থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে ইয়াবা, নগদ টাকা, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার আলাদাতপুর এলাকায় চিত্রা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের ওসি আলাউদ্দীন মিলনের নেতৃত্বে একটি দল নদীর পাড়ে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পুলিশকে অস্ত্র প্রদর্শন করে ঝুপড়ি ঘরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন।
পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, ডিবি ওসি আলাউদ্দীন মিলন এবং নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলেন। পরে অভিযান চালিয়ে হিরো, ইকবাল হোসেন মোল্লা ও সালমান শরিফকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নদীর পাড়ে নির্মিত একটি ঝুপড়ি ঘরে তল্লাশি চালিয়ে পাঁচটি বিদেশি মদের খালি বোতল, সেভেন গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্র এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৫৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
ডিবি পুলিশের ওসি আলাউদ্দীন মিলন ও সদর থানার পুলিশ পরিদর্শক অজয় কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসকে/এনইউ
আরো পড়ুন : মাংসের দোকানে অনিয়ম : কেন্দুয়ায় মোবাইল কোর্টে ১৫ হাজার টাকা জরিমানা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “নড়াইলে ইয়াবা-নগদ টাকাসহ তিনজন গ্রেফতার”