
জ্যেষ্ঠ প্রতিনিধি ||এসকেনিউজ২৪
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক নেত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তার হওয়া সাদিয়া আক্তার (২৩) নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার স্থানীয় কয়েকজনের কাছ থেকে জনপ্রতি তিন হাজার টাকা করে নেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার বিকেলে নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকায় আবার এক নারীর কাছ থেকে টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে পৌর শহরের বেলাবইগুয়া এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় সাদিয়া আক্তারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী প্রিয়া আক্তার বলেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার কাছসহ পাঁচজনের কাছ থেকে জনপ্রতি তিন হাজার টাকা করে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে তাকে কার্ড করে দেওয়া হবে বলে জানানো হলেও পরে বিকেলে অন্য এক নারীর কাছ থেকে টাকা নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন।
তিনি অভিযোগ করেন, “আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আমি মামলা করেছি।”
নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাজ সুটু বলেন, সাদিয়া আক্তারের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে পুলিশ তাকে আটক করেছে বলে তিনি শুনেছেন।
তিনি বলেন, সদর উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে এখনো কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তাই ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
পুলিশ হেফাজতে থাকায় সাদিয়া আক্তারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে এনসিপির জেলা কমিটির সদস্য সচিব ফাহিম রহমান খান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তিনি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন কি না, সেটিও যাচাই করা হবে। তবে সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
তিনি জানান, কুড়পাড় এলাকার কয়েকজন বাসিন্দার কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে জনপ্রতি তিন হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রিয়া আক্তার বাদী হয়ে প্রতারণার অভিযোগে মামলা করেছেন।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদিয়া আক্তার কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসকে/এনডি
আরো পড়ুন : বাবাকে বঁটির কোপে হত্যা, মদনে ছেলে আটক
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















