
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা পৌর শহরের কুড়পাড় এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে সৈয়দা সাদিয়া ইসলামসহ একটি চক্রের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকেলে কুড়পাড় এলাকায় এক নারীর কাছ থেকে ওই টাকা নেওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এরই মধ্যে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তবে এ কর্মকাণ্ডে সাদিয়া ইসলাম ছাড়া আর কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
সৈয়দা সাদিয়া ইসলাম নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোণা পৌর শহরের কুড়পাড় এলাকায় রোকন উদ্দিনের বাসায় ভাড়া থাকেন বলে জানা গেছে।
এ বিষয়ে এনসিপির নেত্রকোণা জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, সৈয়দা সাদিয়া ইসলাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তিনি সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল সরকার সাদিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত কোনো মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এসকে/এনএম
আরো পড়ুন : সার ও হ্যাচারিতে অনিয়ম : কেন্দুয়ায় মোবাইল কোর্টের অভিযান
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















