
বিশেষ প্রতিনিধি ||এসকেনিউজ২৪
জনস্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা নিশ্চিতকরণ, সার বিক্রয়ে অনিয়ম প্রতিরোধ, অবৈধ দখল ও যত্রতত্র পার্কিং বন্ধে নেত্রকোণার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মোট ৭৫ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
গত ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার কেন্দুয়া, নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।
কেন্দুয়া:
৫ সেপ্টেম্বর কেন্দুয়া পৌরসভায় বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকা বা হালনাগাদ না করার অপরাধে চারটি মামলায় ২ হাজার টাকা এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের অপরাধে সাতটি মামলায় ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী।
নেত্রকোণা সদর:
৭ সেপ্টেম্বর মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে সার ডিলারের দোকান পরিদর্শন করে অনিয়মের কারণে তিনজন খুচরা সার ডিলারকে পৃথক তিনটি মামলায় ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি।
এছাড়া মেছুয়া বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে দখল করা একটি ফলের দোকান অপসারণের পাশাপাশি ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে একটি মিলে ১ হাজার ও একটি রেস্তোরাঁয় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি মামলায় মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন।
বারহাট্টা:
৭ সেপ্টেম্বর আসমা ও চিরাম ইউনিয়নে সারের দোকানে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া সার বিক্রি, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ছয়টি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার তদারকি, সার বিক্রয়ে অনিয়ম প্রতিরোধ, অবৈধ দখল ও পার্কিংসহ আইনবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।
এসকে/এনএম
আরো পড়ুন : নেত্রকোনায় অজ্ঞাত মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টায় মিলল পরিচয়
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 

















