
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকায় র্যাব-১১ ও র্যাব-১৩-এর যৌথ অভিযানে একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া এলাকার মীর বাড়ির আবুল খায়েরের ছেলে।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। গত ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নলদিয়া এলাকায় শিশুটিকে ফুসলিয়ে একটি শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর অভিযুক্ত যুবক আত্মগোপনে চলে যান।
পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি যৌথ দল শনিবার রাতে তারাগঞ্জের চৌপট্টি এলাকায় অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী কারিশমা মঞ্জুর
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















