
দিলওয়ার খান, জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ইউএস সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা মঞ্জুর। আগামী ৮ সেপ্টেম্বরের নির্বাচনে জয় পেতে তিনি ভোটারদের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।
বাংলাদেশের সঙ্গে ড. কারিশমা মঞ্জুরের রয়েছে গভীর পারিবারিক সম্পর্ক। তাঁর বাবা প্রয়াত মেজর জেনারেল (অব.) বীর উত্তম মোহাম্মদ আবুল মঞ্জুর এবং মা রানা মাহফুজা মঞ্জুর। তাঁর পৈতৃক শিকড় নোয়াখালীতে হলেও মাতৃকুলের শিকড় নেত্রকোনার আটপাড়া উপজেলার গোয়াতলা গ্রামে।
কারিশমার নানা ছিলেন বিশিষ্ট টেক্সটাইল প্রকৌশলী মফিজ উদ্দিন খান। ১৯৪৬ সালে ইংল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি টেক্সটাইল বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে বাংলাদেশে টেক্সটাইল শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৮১ সালে পারিবারিক পরিস্থিতিতে মাত্র সাত বছর বয়সে কারিশমা মঞ্জুরকে বাংলাদেশ ছাড়তে হয়। পরে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই বাংলাদেশি-আমেরিকান নারী উচ্চশিক্ষা গ্রহণ করে বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত হন। বর্তমানে তিনি এক ছেলে ও এক মেয়ের মা।

কারিশমার খালাতো ভাই প্রত্নতত্ত্ববিদ, ব্যাংকার ও ফান্ড ম্যানেজার মুহাম্মাদ মাসুদ খান তাঁর নির্বাচনী সাফল্যের জন্য বাংলাদেশের মানুষের কাছে দোয়া এবং নিউ হ্যাম্পশায়ারে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান ভোটারদের সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, “একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে তা আমাদের সবার জন্য গর্বের বিষয় হবে।”
কারিশমা মঞ্জুরের নির্বাচনী লড়াইকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখছেন তাঁর স্বজন ও শুভানুধ্যায়ীরা। আগামী ৮ সেপ্টেম্বরের নির্বাচনে তাঁর সফলতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।
এসকে/এনডি
আরো পড়ুন : নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 






















