
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় আনন্দ র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালীটি কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে শুরু হয়। পরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
র্যালীতে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, অনেক ষড়যন্ত্রের পরও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন এবং আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি।
তিনি বলেন, সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই কেন্দুয়ায় রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ছোঁয়া লেগেছে। আগামী দুই বছরের মধ্যে সংস্কার ও উন্নয়নের জন্য কোনো রাস্তা বাকি থাকবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ কর্মসূচির অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রীর আগমনের কথা রয়েছে। আগামীতে আরও মন্ত্রী কেন্দুয়ায় আসবেন বলেও জানান তিনি।
এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের ধন্যবাদ জানান সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসকে/এনকে
আরো পড়ুন : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















One thought on “ড. হিলালীর নেতৃত্বে কেন্দুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালী ও সমাবেশ”