
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ শাখার নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নেত্রকোণা সদর উপজেলার সন্তান মো. রেজায়ে রাব্বী সাম্য। বর্তমানে তিনি রাজধানীর পাইওনিয়ার ডেন্টাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।
ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নেত্রকোণা ও পাইওনিয়ার ডেন্টাল কলেজ ক্যাম্পাসে তাঁর সহপাঠী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মো. রেজায়ে রাব্বী সাম্য বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটি আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় একটি দায়িত্ব ও অঙ্গীকার। সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিতে সবসময় সোচ্চার থাকার পাশাপাশি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করবেন।
ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য বলেও জানান নবনির্বাচিত এই যুগ্ম আহ্বায়ক। এ দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
এসকে/এনএস
আরো পড়ুন : যশোর বাঘারপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টা, যুবকের পুরুষাঙ্গে ইট ঝুলালো গ্রামবাসী
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















