
নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা ও উন্নয়ন কার্যক্রমের বাস্তবচিত্র দেখতে নেত্রকোণায় সদর হাসপাতাল ও নেত্রকোণা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
সোমবার (১০ আগস্ট) পৃথক এ পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোণা জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের সুযোগ-সুবিধা ও পরিবেশ সম্পর্কে খোঁজ নেন তিনি। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামগ্রিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে রোগীদের জন্য আরও উন্নত ও মানবিক সেবার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
পরে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গিয়ে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করেন বিভাগীয় কমিশনার। বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে নির্ধারিত কাজ দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেন তিনি।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমও নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টদের মতে, বিভাগীয় কমিশনারের সরেজমিন পরিদর্শনের ফলে নেত্রকোণার স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতের চলমান কার্যক্রমে আরও গতি আসবে।
এসকে/এনএন
আরো পড়ুন : কেন্দুয়ায় গাঁজা ও মাদক সেবনের উপকরণসহ আটক, ৩ মাসের কারাদণ্ড
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















