
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদসহ এক নারী চোরাকারবারিকে আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। এ ঘটনায় আরও তিনজন পলাতক চোরাকারবারির নাম-পরিচয় প্রকাশ করেছে বিজিবি।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর মুনসিপাড়া বিওপির টহল দল ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সীমান্তবর্তী শূন্য লাইন থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ১২ বোতল ভারতীয় মদসহ মালেকা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একজন চোরাকারবারি বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজন পলাতক চোরাকারবারির নাম জানা যায়।
পলাতকরা হলেন— রুবেল মিয়া (৩০), তার স্ত্রী লিমা আক্তার (২০) এবং আসাদুল ইসলাম (৪০)। তাদের সবার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চরুয়াপাড়া এলাকার গিলাপাড়া গ্রামে।
বিজিবি জানায়, মুনসিপাড়া বিওপিতে নারী সদস্য না থাকায় স্থানীয় নারী মেম্বারের উপস্থিতিতে আটক নারী ও উদ্ধারকৃত মদ ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসকে/এনএম
আরো পড়ুন : কেন্দুয়ায় এলজিইডি প্রকৌশলী আল-আমিন সরকারকে বিদায় সংবর্ধনা, মিজানুর রহমানকে বরণ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















