
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর যোগদান উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া। এ সময় তিনি নবাগত ইউএনও সানজিদা চৌধুরীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, একটি উপজেলার প্রশাসনিক গতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সর্বস্তরের মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভূমিকা অপরিসীম। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কেন্দুয়াবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর স্পষ্ট নির্দেশনা রয়েছে—উপজেলা প্রশাসন যেন কোনো প্রকার প্রভাব, অনিয়ম বা অসাধু আচরণের মুখোমুখি না হয়ে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে জনগণের সেবায় কাজ করতে পারে।
এলাকার সার্বিক উন্নয়ন, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় এমপি মহোদয়ের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে সব ধরনের ইতিবাচক সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি।
জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কেন্দুয়াকে একটি সুশাসিত, উন্নত ও শান্তিময় উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
এসকে/এনকে
আরো পড়ুন : যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















