
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
হাওর ও নদী ব্যবস্থাপনায় ‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, প্রকৃত জেলেদের অধিকার সংরক্ষণ ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েই হাওর ও নদীর জলাশয় ব্যবস্থাপনা পরিচালিত হবে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোণার মদন উপজেলার উচিতপুর হাওরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার জীববৈচিত্র্য রক্ষা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করেই হাওর ও নদী ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে মদন উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
বক্তারা বলেন, হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জেলে-কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।
পরে প্রতিমন্ত্রী ও অতিথিরা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলের বিভিন্ন স্থানে কৃষক ও জেলেদের নিয়ে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে স্থানীয়দের সমস্যা, সম্ভাবনা এবং হাওর উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষক, জেলে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসকে/এনএন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















