
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় আর্জেন্টিনা বনাম জর্ডান এর মধ্যে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট ও টানা কয়েকদিন যাবত তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে ক্ষুব্ধ গ্রাহকদের একাংশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর করেছে।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়াস্থ কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের জানালার কয়েকটি গ্লাস ভাংচুর করা হয়েছে ।
জানা যায়, গত বৃহস্পতিবার থেকে উপর্যুপরি বিদ্যুতের সংকট চরম আকার ধারণ করে । দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলতে থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে । অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ গ্রাহকরা । একপর্যায়ে ক্ষুব্ধ ফুটবলপ্রেমি ও গ্রাহকরা জোনাল অফিসে গিয়ে এ ভাঙচুর চালান ।
সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, কেন্দুয়া উপজেলার মোট জনসংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৯৭৬ জন । উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় ৯৪ হাজার । পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ২৭ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট । বিদ্যুৎ সরবরাহের জন্য মোট ১২ টি ফিডার রয়েছে। এর মধ্যে রামপুর এলাকায় ৪টি ফিডার বাদে কেন্দুয়া এলাকায় ৮টি থাকলেও এ মুহূর্তে চালু রয়েছে মাত্র দুটি । অন্যদিকে কাগজে-কলমে ফিডারের সংখ্যা ১৩ টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ৪ নম্বর ফিডারটি দীর্ঘদিন ধরে ও স্থায়ীভাবে বন্ধ রয়েছে ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমে ছিলো । আজ (২৮ জুন) সকালে আর্জেন্টিনা বনাম জর্ডান এর ফুটবল ম্যাচ চলাকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সেই ক্ষোভ আরও বেড়ে যায় । একপর্যায়ে জোনাল অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে।
কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক বলেন, আমাদের যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়, তার বাইরে কিছু করার সুযোগ নেই । যেহেতু ময়মনসিংহ গ্রিডের মাধ্যমে নেত্রকোণা হয়ে কেন্দুয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হয় । তাই বরাদ্দ অনুযায়ীই গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে । তিনি আরো বলেন, বিদ্যুৎ এর ঘাটতি ও ভাংচুরের ঘটনা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয় নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে ।
এসকে/এনএম
আরো পড়ুন : মাদকাসক্ত বাবার বিরুদ্ধে ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ : অভিযুক্ত গ্রেফতার
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















