
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণা শহরের ঐতিহ্যবাহী দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, যুক্তিবোধ ও সাংস্কৃতিক বিকাশে পৃথকভাবে মোট আটটি ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবগুলোর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
দিনের শুরুতে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব, ভাষা ক্লাব, বিতর্ক ক্লাব ও সাংস্কৃতিক ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন। পরে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব এবং কালচারাল ক্লাবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফরুল ইসলাম ও দীপংকর রায়, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ এম. মুখলেছুর রহমান খানসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, সৃজনশীল চিন্তা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এসব ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের আরও একটি দ্বার উন্মোচিত হলো।
এসকে/এনএম
আরো পড়ুন : কেন্দুয়ায় নবাগত ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের যোগদান
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















