
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানালেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় বক্তব্যে এ আহ্বান জানান তিনি ।
উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় জয়নাল আবেদীন ভূঁইয়া মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও মাদক ও বিশেষ করে অনলাইন জুয়ার প্রভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে উপজেলা বিএনপি এবং সাধারণ জনগণ প্রশাসনের পাশে থাকবে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
জয়নাল আবেদীন ভূঁইয়া আরও বলেন, মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থী ও সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধবের সঙ্গে মেলামেশা এবং মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে নজর রাখার পরামর্শ দেন। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কেন্দুয়াকে মাদক ও জুয়ামুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও কেন্দুয়া থানা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা ।
এসকে/এনকে
আরো পড়ুন : কেন্দুয়ায় দুই মরদেহ উদ্ধার , বজ্রপাতে মৃত্যুর ধারণা
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















