
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
প্রান্তিক কৃষকদের উৎপাদিত ধান সরাসরি সরকারি গুদামে বিপণন ও সংরক্ষণের একটি উদ্ভাবনী পরিকল্পনা উপস্থাপন করে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী অর্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত ও মধ্যস্বত্বভোগীর প্রভাব কমানোর লক্ষ্যে একটি বাস্তবমুখী প্রকল্প প্রদর্শন করে। প্রকল্পটি বিচারকমণ্ডলীর প্রশংসা কুড়িয়ে জেলা সেরার স্বীকৃতি লাভ করে।
জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের পরিকল্পনার প্রযুক্তিগত দিক, কার্যকারিতা এবং বাস্তবায়ন কৌশল তুলে ধরে। কৃষকবান্ধব ও সমাজকল্যাণমূলক চিন্তার কারণে প্রকল্পটি বিশেষভাবে আলোচিত হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে এ সাফল্য অর্জিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ অর্জন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবনচর্চায় আরও উৎসাহ জোগাবে।
এসকে/এনএন
আরো পড়ুন : মদন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদককে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















