
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি|| এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারের নিজ প্রতিষ্ঠান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মেকানিক ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪০)কে পুলিশের তৎপরতায় ১০ দিন পর উদ্ধার করা হয়েছে৷
মঙ্গলবার (৯ জুন) বেলা ২ টা ৩০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ । গাজীপুরের জয়দেবপুর থানার রেল স্টেশন এলাকা থেকে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে জয়দেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান৷
মো. মেহেদী মাকসুদ বলেন, গত ৩০ মে দিবাগত শেষ রাতে বিল্লাল হোসেন নিখোঁজ হওয়ার পর ৩১ মে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় । এরপর থেকে ম্যানুয়াল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত ছিলো ৷ গতকালও আমিসহ কেন্দুয়া থানা পুলিশের একটি দল দলপা ও আশুজিয়া ইউনিয়ন পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করি৷
তিনি আরো জানান, আজ (৯ জুন) দুপুর সাড়ে ১২ টায় প্রথমে নিখোঁজের পরিবারের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে, জয়দেবপুরের রেল স্টেশন এলাকায় দেখতে ‘বিল্লাল হোসেন’ এর মতো একজনকে পাওয়া যায় । তৎক্ষনাৎ আমরা সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে যোগাযোগ করি এবং নিশ্চিত হই, উদ্বার হওয়া ব্যক্তিই নিখোঁজ মো. বিল্লাল হোসেন৷
বিল্লাল হোসেন অপহৃত হয়েছিলো কিনা- এমন প্রশ্নের জবাবে অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ বলেন, ভিকটিম পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে । সুস্থ্য হলে তাকে জিজ্ঞাসাবাদ ও যথাযথ তদন্ত সাপেক্ষে তা নিশ্চিত হওয়া যাবে৷
উল্লেখ্য বিল্লাল হোসেন দলপা ইউনিয়নের ভূইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিন ও ফুলেমা খাতুন দম্পতির ছেলে । গত ৬ জুন নিখোঁজের সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধনও অনুষ্ঠিত হয়৷
এসকে/এনকে
আরো পড়ুন : জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে শান্তিরক্ষীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও শুভেচ্ছা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















