
মো. হাসান মিয়া, পাবনা প্রতিনিধি :
পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন বলে জানান তিনি।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন করেন পানিসম্পদমন্ত্রী। পরে মালিফা হাবিবুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
বক্তব্যে পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী, অর্থাৎ প্রায় সাত কোটি মানুষ এ প্রকল্পের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং প্রকল্প।
তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে শুষ্ক মৌসুমে পানির সংকট কমবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন, নৌযোগাযোগের উন্নয়ন, মৎস্যসম্পদের বিকাশ এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পানি সরবরাহের সুযোগ সৃষ্টি হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, যোগাযোগ ও পানিসম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসকে/এনএম
আরও পড়ুন : নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.