কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ‘স্বাধীন বাংলা কেবি অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়’-এর বাউন্ডারি ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসকক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় স্টিলের আলমিরায় সংরক্ষিত গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী, সংগীত উপকরণ ও থেরাপির যন্ত্রাংশ খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার শর্মা গত ১২ অক্টোবর কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১০৮৭।
জিডি সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর বেলা আনুমানিক ২টার দিকে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শেষে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ গন্তব্যে চলে যান। পরদিন ৭ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হয়ে বাউন্ডারি ও অফিসকক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে সন্দেহ হলে তিনি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে নিয়ে অফিসকক্ষে প্রবেশ করেন। সেখানে দরজা ও স্টিলের আলমিরার তালা ভাঙা এবং আলমিরার একটি পাশ খোলা দেখতে পান তাঁরা।
পরে খোঁজ নিয়ে আলমিরায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র, অফিসকক্ষে রাখা শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী, সংগীত উপকরণ এবং থেরাপিস্টের ব্যবহৃত যন্ত্রাংশ পাওয়া যায়নি বলে জানা যায়।
বিদ্যালয়টি ২০১৫ সাল থেকে অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা এবং শারীরিক ও মানসিক বিকাশে কাজ করে আসছে। এ ধরনের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদান, বিনোদন ও থেরাপি কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় উপকরণ এবং দাপ্তরিক নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সামগ্রী খোয়া যাওয়ায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত রয়েছে।
এসকে/এনকে
আরও পড়ুন : মোহনগঞ্জের সেই অজ্ঞাতনামা অসুস্থ ব্যক্তির চিকিৎসা চলছে মমেক হাসপাতালে
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.