আরিফ রব্বানী, ময়মনসিংহ :
ময়মনসিংহে তরুণদের মাঝে যুক্তিনির্ভর চিন্তাধারা, মননশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬’-এর বিভাগীয় প্রতিযোগিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ময়মনসিংহের টাউন হল মোড়সংলগ্ন অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার চ্যাম্পিয়ন দলগুলো অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ময়মনসিংহ জিলা স্কুল ও নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়। ফাইনালে ময়মনসিংহ জিলা স্কুল বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম রেজাউল করিম খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. শওকত হোসেন, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মাহবুব রেজা করিম মুরাদ, সাধারণ সম্পাদক মুহা. মশিউল আলম এবং ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি পদক্ষেপ, টেকসই উন্নয়নে বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ এবং ডিজিটাল আসক্তি রোধে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধসহ বিভিন্ন বিজ্ঞান ও সমসাময়িক বিষয় নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়।
এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবাদী চিন্তা, বিজ্ঞানমনস্কতা, তথ্যভিত্তিক বিশ্লেষণ ও গঠনমূলক মতপ্রকাশের চর্চাকে উৎসাহিত করবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
এসকে/এমএ
আরও পড়ুন : নেত্রকোনায় এনসিপি'র কমিটি'র পরিচিতি সভায় হট্টগোল
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.