
নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনে পদ-পদবি বণ্টন নিয়ে অসন্তোষের জেরে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে অনুষ্ঠানের কার্যক্রম। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সভা শুরু হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল তিনটার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত জেলা কমিটির উদ্যোগে এ পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ, জেলা কমিটির সাবেক সদস্যসচিব ও নেত্রকোনা-২ আসনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেওয়া ফাহিম রহমান খান পাঠান, নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক ইফতেখার শামীম, সদস্যসচিব তারিক জামিল ফয়েজীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সভার শুরুতে বিভিন্ন উপজেলা ও জেলা কমিটিতে পদ-পদবি বণ্টন নিয়ে কয়েকজন নেতা-কর্মী অসন্তোষ প্রকাশ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সভাস্থলে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মঞ্চে থাকা জ্যেষ্ঠ নেতারা তাঁদের শান্ত করার চেষ্টা করেন। এতে সভার কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় সভা ও সংবাদ সম্মেলন শুরু হয়।
এ বিষয়ে জেলা কমিটির সদস্যসচিব তারিক জামিল ফয়েজী বলেন, “নতুন কমিটি হয়েছে। এতে অনেকেই বাদ পড়েছেন। এ কারণে শুরুতে একটু উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে নেত্রকোনা জেলা শাখার ৬৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ইফতেখার শামীমকে আহ্বায়ক ও তারিক জামিল ফয়েজীকে সদস্যসচিব করা হয়েছে। ইফতেখার আগের কমিটিতেও একই পদে দায়িত্ব পালন করেন।
নতুন কমিটিতে শাহ এনায়েমকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সোহরাব উদ্দিন আকন্দসহ ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, সৈয়দ এমদাদুল হককে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, মামুন মিয়াসহ ১১ জনকে যুগ্ম সদস্যসচিব, মিনহাজ সোহেলসহ ছয়জনকে সাংগঠনিক সম্পাদক এবং আহমদ শফীসহ ১৫ জনকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া জামাল উদ্দিনসহ ছয়জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটি ঘোষণার পর পদ-পদবি নিয়ে অসন্তোষের বিষয়টি নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভায় প্রকাশ্যে আসে। তবে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সভার কার্যক্রম আবার শুরু হয়।
এসকে/এনএম
আরও পড়ুন : ‘মানুষ হত্যার বিচার করুন, বিচারের নামে প্রহসন করবেন না’—স্বরাষ্ট্রমন্ত্রীকে আরজেএফ চেয়ারম্যান
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.