
নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন অপূর্বকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর সাত দিনের রিমান্ড আবেদন শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেদওয়ান আহমেদ এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ২২ বছর বয়সী অপূর্বকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার ভোরে দুর্গাপুর পৌরসভার পুরোনো সিনেমা হলের সামনে থেকে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পৌরসভার উকিলপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অপূর্ব। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্রভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ বিষয়ে স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অপূর্ব সাংবাদিক আলিফ হত্যা মামলার প্রধান সন্দেহভাজনের ভাগনে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধান সন্দেহভাজন একজন পেশাদার খুনি হিসেবে পরিচিত। তাঁর ব্যবহৃত আগ্নেয়াস্ত্র অপূর্বর হেফাজতে রাখা হয়েছে—এমন তথ্যও পুলিশের কাছে ছিল।
গত ১৫ অক্টোবর রাত ৮টার দিকে দুর্গাপুরের তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। তিনি বেসরকারি আইপিটিভি ‘রূপসী বাংলা’র নেত্রকোণা জেলা প্রতিনিধি ছিলেন।
এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী দুর্গাপুর থানায় সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।
এসকে/এনএম
আরও পড়ুনঃ ত্রিশালে কালী মন্দিরসহ বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
এস কে নিউজ ২৪ । সত্যের পথে কলমের সাথে । নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.