মোঃ ইকবাল কবির, নেত্রকোনা থেকে :
শারদীয় দুর্গোৎসবের আমেজ ও আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোনার কেন্দুয়ায় অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দরিদ্র ও দুস্থ ২০০ জন নারীর হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত এসব শাড়ি তুলে দেওয়া হয়।
রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দরিদ্র নারীদের হাতে উৎসবের এই উপহার তুলে দেন।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু। এছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিগণ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রশাসন ও স্থানীয় পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে মোট ৪৪টি পূজামণ্ডপে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। ধর্মীয় এই বড় উৎসবের আনন্দ যেন কোনোভাবেই টাকার অভাবে থমকে না যায় এবং উৎসবের প্রতিটি মুহূর্তে যেন সমাজের সব স্তরের মানুষ সমানভাবে শরিক হতে পারে, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপহার হিসেবে শাড়ি পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন স্থানীয় এক দুস্থ নারী। তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, "পূজার মুখে নতুন কাপড় পাওয়ার আনন্দই আলাদা। প্রশাসনের এই উপহারে আমরা অনেক খুশি।"
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা চৌধুরী বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতির মিলনমেলা। সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তাসহ সব ধরনের সার্বিক সহযোগিতা বজায় রয়েছে।"
অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে কেন্দুয়ায় যেকোনো ধর্মীয় উৎসব পালনে রাজনৈতিক অঙ্গন সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে। উৎসবের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণ ও প্রশাসন একসাথে কাজ করছে।
এসকে/এনআই
আরও পড়ুন : পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত ২০২৬ এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.