
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোণার দুর্গাপুরে গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কেন্দুয়া প্রেসক্লাব। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় কেন্দুয়া প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধন থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখল বিশ্বাস, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির ও আশরাফ উদ্দিন ভূঁঞা, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সাংবাদিক মো. সালাহ উদ্দিন সালাম ও মঞ্জুরা আক্তার লিলিসহ অন্যরা।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।
তাঁরা বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে সাংবাদিক আলিফ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। এ সময় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়। কেন্দুয়া প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোণার দুর্গাপুরের উৎরাইল বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রূপসী বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। এ ঘটনায় গত ১৭ অক্টোবর মধ্যরাতে দুর্গাপুর পৌরসভার পুরাতন সিনেমা হল রোড এলাকা থেকে সাজেদুল ইসলাম অপূর্ব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এসকে/এনকে
আরও পড়ুন : ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.