কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এক নারীসহ তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে সাজেদা (৪০) ও কিরণ (২৩) নামে দুজনকে আটক করা হয়। সাজেদা কুতুবপুর গ্রামের এবং কিরণ জুড়াইল গ্রামের বাসিন্দা। ইয়াবা সেবন ও বিক্রির অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা পৃথক দুটি মামলায় তাঁদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় চৌমুরিয়া গ্রামের মো. হৃদয় (২৩) নামে এক ব্যক্তিকে গাঁজা সেবনের উপকরণসহ হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলায় তাঁকেও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রতিটি অভিযানেই নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী। এ সময় কেন্দুয়া থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে মাদকের ভয়াবহতা রোধ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
এসকে/এনএম
আরও পড়ুন : আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.