
নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার (১৭ অক্টোবর) নেত্রকোণা জেলা শহর ও দুর্গাপুরে পৃথক কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
শনিবার বেলা ১১টার দিকে নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনে প্রথম মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার প্রেসক্লাব মোড় এলাকায় একই দাবিতে কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকেরা।
নেত্রকোণা শহরের কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর কিবরিয়া চৌধুরী।
এতে বক্তব্য দেন খবরের কাগজের প্রতিনিধি সঞ্জয় সরকার, ভোরের কাগজের প্রতিনিধি শফিকুল ইসলাম, ৭১ টেলিভিশনের প্রতিনিধি মির্জা হৃদয় সাগর, স্টার নিউজের প্রতিনিধি আজাদ ইমরান শরিফ, জি টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল এবং সাংবাদিক আবুল কালাম ও সোহেল খানসহ অন্যরা।
অন্যদিকে দুর্গাপুরের কর্মসূচিতে সভাপতিত্ব করেন দুর্গাপুর প্রেসক্লাবের সহসভাপতি প্রবীণ সাংবাদিক মো. মোহন মিয়া। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ।
এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও নির্মলেন্দু সরকার, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল, ডিবিসির প্রতিনিধি রাকিবুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈকত সরকার ও ৭১ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি রাজেশ গৌড়সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, একজন সাংবাদিককে হত্যা করা শুধু একটি পরিবারকে বিপর্যস্ত করে না, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্যও বড় উদ্বেগের বিষয়। এ ধরনের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হবে।
নিহত সাংবাদিকের পরিবারের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাঁরা বলেন, আলিফের দুটি ছোট সন্তান রয়েছে। তাঁর মৃত্যুর পর স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি অসহায় পরিবারটির ভরণপোষণ ও ভবিষ্যৎ নিরাপত্তায় সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
দুর্গাপুরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে ওই সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
যেভাবে হত্যা করা হয় সাংবাদিক আলিফকে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপি টেলিভিশন রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ।
এ ঘটনায় শুক্রবার রাতে নিহত আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসকে/এনএন
আরও পড়ুন: কেন্দুয়ায় ইয়াবাসহ আটক যুবক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.