
নিউজ ডেস্ক :
জাতীয় সংসদের কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গতিশীল করার লক্ষ্যে ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) উদ্যোগে প্রণীত এ প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে কাজ করবে কমিটি।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ।
কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএনডিপি প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’-এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা কমিটির অন্যতম প্রধান দায়িত্ব। এ ছাড়া ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কমিটি।
প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় সংসদের কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সংসদীয় কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি প্রকল্পের প্রয়োজন অনুযায়ী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে।
এসকে/এনএম
আরও পড়ুনঃ দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থায় মুক্তাগাছায় বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেলেন ডিসি-এসপি
এসকেনিউজ২৪। সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.