
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনা সদর উপজেলার একটি জঙ্গল থেকে হাত পেছনে বাঁধা এবং মুখ ও পা স্কচটেপে মোড়ানো অবস্থায় রুকন উদ্দিন (৪০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদিয়ার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুকন উদ্দিন লক্ষীগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রুকন আর ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। পরে বুদিয়ার জঙ্গলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে তাঁর স্ত্রী মিনা আক্তার মরদেহটি শনাক্ত করেন।
পুলিশ জানায়, মরদেহের মুখ ও পা স্বচ্ছ সাদা মোটা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। দুই হাত পিঠের পেছনে গামছা দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে তাঁকে হত্যার পর মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
এসকে/এনএম
আরও পড়ুন : সুনামগঞ্জ ২৫০ শয্যার হাসপাতাল ৯০০ রোগীর চাপে হিমশিম, সেবা সচল রাখার আশ্বাস কর্তৃপক্ষের
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.