কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবিদ হোসেন (২০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর বাবা মো. এনামুল মিয়াও গুরুতর আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আবিদ হোসেন উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের পুরানবাড়ী গ্রামের মো. এনামুল মিয়ার ছেলে। তিনি সৌদি আরবপ্রবাসী ছিলেন। ছুটিতে দেশে এসেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বকুল মিয়া গং ও মো. এনামুল মিয়া গংয়ের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবিদ হোসেনের মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, বকুল মিয়া ও আবিদের বাবা মো. এনামুল মিয়া আপন চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বাড়ির জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তাঁরা জানান।
রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. আজিজুল হক আহত আবিদ হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আবিদ হোসেন সৌদি আরব প্রবাসী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. নূরে আলম কাজল নিহতের পরিবারের বরাত দিয়ে মুঠোফোনে আবিদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিদের মৃত্যু হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আবিদের মৃত্যুর খবর শুনেছি। তবে নিশ্চিত নই । ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসকে/এনকে
আরও পড়ুন : যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.