
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ এবং ভোটার তালিকায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে যন্তর মন্তরে প্রবেশের চেষ্টা করলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আটক হওয়া নেতারা হলেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিন্ডে। আটকের পর তাঁদের জাফরপুর থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌরভ দাস।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, সোমবার দিল্লি পুলিশ বিক্ষোভ ও সমাবেশের নির্ধারিত স্থানগুলোর তালিকা থেকে যন্তর মন্তরকে বাদ দেয়। এর পরিবর্তে বিক্ষোভের জন্য বিকল্প তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। পুলিশের এ সিদ্ধান্তের সমালোচনা করে অধিকারকর্মীরা বলেছেন, বিক্ষোভস্থল সরিয়ে নেওয়া হলে সাধারণ মানুষের পক্ষে রাজনৈতিক নেতা ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা কঠিন হতে পারে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলটির আরও কয়েকজন নেতাকে আটকের দাবি করেন। একই পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে লেখেন, ‘আপনারা প্রতিরোধকে নিষিদ্ধ করতে পারবেন না।’
দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য হিন্দুকে জানান, যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে বাদ দেওয়ায় সেখানে সমাবেশ করাকে বেআইনি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কারণে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে চলমান বিক্ষোভের মধ্যে দিল্লির কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টে হওয়ার কথা রয়েছে।
সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২৭৩টি কোম্পানির মোতায়েন ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে দিল্লি পুলিশ। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে দ্য হিন্দু।
এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক ভোটার বাদ দেওয়া ও অনিয়মের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ অন্যদের করা আবেদনে ১০টির বেশি ত্রুটি চিহ্নিত করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি।
ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনে কথিত অনিয়মের প্রতিবাদে এর আগে বিরোধী দলের শীর্ষ নেতা, অধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ‘গণতন্ত্রের জন্য পদযাত্রা’ করেন। পরে তাঁরা এসব অভিযোগের বিষয়ে যৌথ আবেদন করেন।
সূত্র: দ্য হিন্দু
এসকে/এনএম
আরও পড়ুনঃ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নাই : প্রধানমন্ত্রীর শোক
এসকেনিউজ২৪ । সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.