কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
‘ফ্যামিলি কার্ড কার্যক্রম-স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনূস রহমান রনির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উপকারভোগী নির্বাচন এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় মাঠপর্যায়ের চ্যালেঞ্জ ও বাস্তবতা নিয়ে বক্তব্য দেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো নাগরিককে টাকা দিতে হবে না। কার্ড বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। কার্ড দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়। কার্যক্রমের আওতায় তালিকাভুক্ত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা (মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে) অথবা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও সহায়তা পাবে বলে জানানো হয়।
পর্যায়ক্রমে এই কার্ড সবাই পাবে । তবে পরিবারে নারী উপার্জনক্ষম বা পরিবারের প্রধান, স্বামী পরিত্যক্তা বা বিধবা, ভূমিহীন বা প্রান্তিক চাষি এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে এ কার্ডের আওতায় অগ্রাধিকার দেওয়া হবে। পিএমটি (PMT) স্কোরিং পদ্ধতির মাধ্যমে বৈজ্ঞানিক ও ডিজিটাল প্রক্রিয়ায় যোগ্য পরিবার নির্বাচন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, কোনোভাবেই কোনো রাজনৈতিক নেতার অবৈধ আদেশ বা আবদার গ্রহণযোগ্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কার্যক্রম ব্যাহত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
এর আগে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীদের প্রত্যেকের হাতে ট্যাব তুলে দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনূস রহমান রনি জানান, শুরুতে উপজেলার পাইকুড়া ও সান্দিকোনা ইউনিয়নে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে তথ্য সংগ্রহ শুরু হবে। এ কাজে মোট ১৫ জন কর্মী নিয়োজিত থাকবেন। তথ্য সংগ্রহের জন্য প্রাথমিকভাবে ৪৫ দিন সময় নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে পুরো উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া পৌর যুবদলের সদস্যসচিব মো. সাইফুল ইসলাম শান্তিসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
এর আগে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ও অন্যান্যদের অংশগ্রহণে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসকে/এনকে
আরও পড়ুন : মোহনগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.