কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় চারজনের অপমৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া এক ব্যক্তি বসতঘরে ঝুলন্ত অবস্থায় এবং এক নারী কীটনাশক পানে মারা গেছেন বলে জানা গেছে স্থানীয় ও পুলিশ সূত্রে ।
গত শনিবার (১০ অক্টোবর) বিকেল থেকে রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার আশুজিয়া, রোয়াইলবাড়ি ও পাইকুড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে। পরপর এসব মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বসতঘরে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার
উপজেলার আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া গ্রামে শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ বসতঘর থেকে আব্দুল কাদির (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় লোকজন তাঁকে ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে জানা গেছে, আব্দুল কাদির দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
কীটনাশক পানে নারীর মৃত্যু
অন্যদিকে, উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামের হামিদা আক্তার (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মো. কাশেম আলীর স্ত্রী।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে হামিদা আক্তার কীটনাশক পান করেন। পরে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। আব্দুল কাদির ও হামিদা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু
এদিকে, উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশু মুয়াজ (৭) ও আরাফাতের (৬) মৃত্যু হয়েছে। তারা আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশু দুটির বাবা-মা গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহে ব্যস্ত ছিলেন। এ সময় খেলার ছলে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে দুই শিশু। এতে তাদের মৃত্যু হয়।
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রে পল্লী বিদ্যুতের আর্থিং তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কথা বলা হলেও নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক জানিয়েছেন, প্রতিবেশীর বিদ্যুৎ মিটারের সঙ্গে ফ্রিজের সংযুক্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় পল্লী বিদ্যুতের তার দায়ী নয়।
এ বিষয়ে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (আইসি) মো. আসাদুজ্জামান মুঠোফোনে জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিধি অনুযায়ী দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসকে/এনকে
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.