নিজস্ব প্রতিনিধি । এসকেনিউজ২৪
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিভিন্ন পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কামরুল হাসান।
শুক্রবার (৯অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ময়মনসিংহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর ও সর্বাত্মক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান।
পুলিশ সুপার বলেন, “দুর্গাপূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ ধর্মীয় উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য পুলিশের টহল টিম নিয়মিত মাঠে থাকবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মন্ডপ এলাকায় মাদক, জুয়া ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এ উৎসবকে ঘিরে কেউ যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি আরও জানান, প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা মনিটরিং, টহল ব্যবস্থা এবং পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। যেকোনো সমস্যা বা অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজা উদযাপনের আহবান জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও অতিরিক্ত দায়িত্বে ট্রাফিক বিভাগের কর্মকর্তা মোঃ আশরাফুল করিম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্য, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।
এসময় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার কামরুল হাসান।
এসকে/এমএ
আরও পড়ুনঃ সিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে যৌন হয়রানির অভিযোগ, জামায়াত নেতা গ্রেফতার
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.