
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনার পূর্বধলায় বসতঘরের ভেতরে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার গোহালাকান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয়।
আটকরা হলেন—গোহালাকান্দা গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে মো. পাভেল মিয়া (২৫) এবং একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোবারক হোসেন (৩৫)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোহালাকান্দা গ্রামের পাভেল মিয়ার নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে পাভেল মিয়া ও মোবারক হোসেনকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ তাদের দোষী সাব্যস্ত করেন। আদালত পাভেল মিয়াকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মোবারক হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত দুজনকে পরে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসকে/এনএম
আরও পড়ুনঃ ৪৯ কোটি টাকার প্রকল্প, তবু মগড়ার বুকে দখল-দূষণের ছোবল
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.