কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ার সাহিত্য-সংস্কৃতি, ব্যবসা ও রাজনীতিসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের দীর্ঘদিনের মিলনকেন্দ্র ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘কেন্দুয়া ক্লাব’-এর জরাজীর্ণ পুরাতন স্থাপনা নিলামে বিক্রি করা হয়েছে। একই সঙ্গে ক্লাবের নতুন ভবন ও আধুনিক অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতামূলক নিলামে সর্বোচ্চ ২ লাখ ৯০ হাজার টাকা দর ওঠে। এ দরেই পুরাতন স্থাপনাটি নিলামে বিক্রি করা হয়।
নিলাম কার্যক্রমে সভাপতিত্ব করেন, কেন্দুয়া ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার সঞ্চালনায় নিলামে ১৭ জন বিডার বা প্রতিযোগী অংশ নেন।
চূড়ান্ত পর্যায়ে সর্বোচ্চ ২ লাখ ৯০ হাজার টাকা দর দিয়ে পুরাতন স্থাপনাটি নিলামে কিনে নেন কেন্দুয়া পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম খান (শান্তি)।
এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও কেন্দুয়া ক্লাবের সদস্য মো. সেকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্লাব সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী কেন্দুয়া ক্লাবের পুরাতন ও জরাজীর্ণ স্থাপনার পরিবর্তে নতুন পরিকল্পনায় বহুতল আধুনিক অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পুরাতন স্থাপনা নিলামের মাধ্যমে অপসারণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
নিলামকে ঘিরে উপজেলা পরিষদ হলরুমে সংশ্লিষ্টদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কেন্দুয়া ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, পুরাতন স্থাপনা অপসারণের পর নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ৭৮ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আরও আধুনিক, কার্যকর ও সময়োপযোগী প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।
এসকে/এনকে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.