কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি | এসকেনিউজ২৪
সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আকিক মিয়া নামে এক ব্যক্তি কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৪ নম্বর ইছাকলস ইউনিয়নের টুকেরগাঁও মৌজায় মো. আকিক মিয়ার মালিকানাধীন প্রায় ৬ কেদার জমির পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল। অভিযোগে তিনি উল্লেখ করেন, কোম্পানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের ১৫৮০ ও ১৫৮১ নম্বর দলিলের মাধ্যমে ২০২১ সালে তিনি ওই জমির মালিকানা লাভ করেন। পরে সেখানে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন।
অভিযোগে বলা হয়, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন ব্যক্তি পুকুরে প্রবেশ করে পানিতে বিষ প্রয়োগ করেন। এতে পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়ে পানিতে ভেসে ওঠে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।
অভিযোগকারী আরও দাবি করেন, মাছ মারা যাওয়ার পর অভিযুক্তরা সেগুলো সংগ্রহ করে প্রায় ১৫ থেকে ২০টি প্লাস্টিকের বস্তায় ভরে ইঞ্জিনচালিত নৌকাযোগে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে অভিযুক্তরা নৌকাযোগে সুরমা নদী দিয়ে ছাতক বাজারের দিকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে মিরাশ মিয়া (৫৬), কালাম উদ্দিন (৫০), সাজ্জাদ মিয়া (৩৫), আফজল মিয়া (৪৫), সুন্দর আলী (৫৫) ও শরীফ উদ্দিন (৪৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী জানান, ঘটনার পর স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা সালিশে উপস্থিত না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিরাশ মিয়া বলেন, “জায়গাটি আমার। এ বিষয়ে আমিও অভিযোগ দিয়েছি। পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে আমার কিছু জানা নেই।”
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগকারী মো. আকিক মিয়া ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এসকে/এসএফ
আরও পড়ুন : পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুলের
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.