পূর্বধলা প্রতিনিধি |এসকেনিউজ২৪
নেত্রকোনার পূর্বধলায় বাদে পুটিকা বাজার জামে মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা বাজারে মসজিদ কমিটি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, মসজিদের স্থায়ী আয়ের উৎস তৈরির লক্ষ্যে বাজারের নির্ধারিত জায়গায় একটি মার্কেট নির্মাণের কাজ চলছিল। সম্প্রতি রাতের আঁধারে কে বা কারা নির্মাণাধীন স্থাপনাটির কয়েকটি পিলার ও অংশবিশেষ ভেঙে দেয়। এতে মসজিদ কমিটির দাবি অনুযায়ী প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া এবং নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা স্থানীয় বিএনপি নেতা আজিজুল ও কালাম মণ্ডল এবং আওয়ামী লীগ নেতা বাশার মণ্ডলের বিরুদ্ধে ভাঙচুরে নেতৃত্ব দেওয়ার অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে বক্তব্য দেন। তারা বলেন, মসজিদ এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক সম্পদ। এর উন্নয়নকাজে বাধা বা সম্পত্তি নষ্ট করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “মসজিদের জায়গায় মার্কেট করা হচ্ছিল। সেখানে পিলারের তিন-চারটি স্থাপনা ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় পুটিকা বাজার এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এসকে/এনএম
আরো পড়ুন : মাদক-ইভটিজিং প্রতিরোধের বার্তা, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.