নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
সাহসিকতা, বীরত্বপূর্ণ কর্মকাণ্ড ও প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সুদীপ বিশ্বাস। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের এই কৃতি সন্তানের রাষ্ট্রীয় এ সম্মাননায় গর্বিত তার পরিবার, স্বজন ও এলাকাবাসী।
২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনে সাহস, বীরত্ব ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর বাংলাদেশ পুলিশের ৯২ সদস্যকে চারটি ক্যাটাগরিতে পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ও পিপিএম-সেবা—এই চার ক্যাটাগরিতে মোট ৯২ জনকে পদক দেওয়া হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, দায়িত্ব পালনের সময় সাহসিকতা, বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পিপিএম পদকের জন্য নির্বাচিত হন এএসআই সুদীপ বিশ্বাস। বর্তমানে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় কর্মরত রয়েছেন।
পুলিশ বাহিনীতে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি। সাহস ও বীরত্ব প্রদর্শন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর ঘটনায় পেশাগত দায়িত্ব পালন এবং জননিরাপত্তা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক দেওয়া হয়। চলতি বছরের সংশোধিত তালিকায় ১৮ জনকে পিপিএম পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।
সুদীপ বিশ্বাস কলমাকান্দা থানার বড়খাপন ইউনিয়নের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান সুভাষ বিশ্বাসের মেজো ছেলে। তার পরিবারের সদস্যরাও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বড় ভাই ব্যবসার সঙ্গে যুক্ত। ছোট ভাই জনতা ব্যাংকের সিলেটের একটি শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত। এক বোন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অপর এক বোন বিএসসি ইঞ্জিনিয়ার। আরেক বোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং অন্য এক বোন ডিগ্রি সম্পন্ন করে স্বামীর সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।
সুদীপ বিশ্বাসের পিপিএম পদক অর্জনের খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সহকর্মী ও পরিচিতজনরা তার এ অর্জনকে পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন।
পদকপ্রাপ্তির পর দেশ ও মানুষের নিরাপত্তায় আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সুদীপ বিশ্বাস। পেশাগত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পালন করে জনগণের আস্থা অর্জনই তার লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
এসকে/এনএম
আরো পড়ুন : কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটি স্পিকারের আকস্মিক পরিদর্শন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.