কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়ায় সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৪ নম্বর গড়াডোবা ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিল-পূর্ব সমাবেশে উপজেলা বিএনপির সহসভাপতি বাহার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
গড়াডোবা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাফায়েত আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আলম জরিপ, মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন এবং গড়াডোবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইকবাল আহমেদ লিটন।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। একই সঙ্গে জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ও পরাজিত শক্তি পুনরায় ক্ষমতাসীন হয়েছে—পৃথিবীর ইতিহাসে এমন উদাহরণ নেই। তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, পালিয়ে যাওয়া ও ভারতে থাকা নেতাদের কথায় কেন মিছিল-মিটিং করে অশান্তি সৃষ্টি করবেন? যারা লুটপাট করে পালিয়ে গেছে, তাদেরকে এসে মিছিল-মিটিং করার কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ৫ আগস্টের পর তারা কারও ক্ষতি করেন নি বলেও দাবি করেন তিনি। এরপরও কেউ অশান্তি বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করলে তাদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান জানান এমপি হিলালী।
গড়াডোবা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনগুলোতে আরও উন্নয়নমূলক কাজ করা হবে।
সমাবেশ শেষে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমপি হিলালীকে ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু , কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এসকে/এনকে
আরো পড়ুন : ভাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.