নিজস্ব প্রতিনিধি |এসকেনিউজ২৪
‘বন নাই তো নদী নাই, নদী নাই তো পানি নাই, পানি নাই তো জীবন নাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী কর্মসূচি ‘নদী কথা ও নদী রক্ষায় প্রকৃতিবন্ধন’।
রোববার (২৭ সেপ্টেম্বর) নেত্রকোনা কালেক্টরেট স্কুল মাঠে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রিন কোয়ালিশন কমিটি ও নেত্রকোনা সম্মিলিত যুব সমাজের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণরা অংশ নেন।
কর্মসূচিতে নদী, জলাভূমি, বন ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা, বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা, ‘মৌন ব্রত’সহ নানা সচেতনতামূলক আয়োজন করা হয়। নদী ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে অংশগ্রহণকারীরা নীরবতা পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন কোয়ালিশন কমিটির সভাপতি ও সাংবাদিক আলপনা বেগম। উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়ক অহিদুর রহমানসহ আয়োজক সংগঠনের প্রতিনিধিরা।
কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল ‘নদীবন্ধন’। নেত্রকোনার বিভিন্ন এলাকার বর্তমান ও বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী নদীগুলোর নাম লেখা প্ল্যাকার্ড হাতে প্রায় শতাধিক শিক্ষার্থী ও তরুণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নদী রক্ষার দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, বন, নদী, পানি ও মানুষের জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নদী ও জলাভূমি রক্ষা করা না গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়বে। তাই নদী দখল, দূষণ ও ভরাট বন্ধ করে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, নদী কেবল পানির প্রবাহ নয়; এটি একটি অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশ। নদী রক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তারা।
শেষ পর্যায়ে রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক প্রতিযোগিতায় বিজয়ী ও সক্রিয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তরুণদের এ উদ্যোগকে স্থানীয় পরিবেশকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও উপস্থিত সাধারণ মানুষ প্রশংসা করেন।
এসকে/এনএম
আরো পড়ুন : যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.