নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
দেশে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে বাসভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে মন্ত্রণালয়ের বৈঠকে উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়। সর্বশেষ ভাড়া বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ছিল ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা।
অন্যদিকে, দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে দূরপাল্লার অনেক নন-এসি বাসে আসন কমিয়ে ৪০ বা তার কম করা হয়েছে। এসব বাসে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে বিভিন্ন সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।
এবার কিলোমিটারপ্রতি নতুন করে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হওয়ায় দূরপাল্লা ও নগর পরিবহনের ভাড়া নতুন করে নির্ধারণ করা হবে। ফলে নতুন ভাড়া কার্যকর হলে বিভিন্ন রুটে যাত্রীদের আগের তুলনায় বাড়তি অর্থ গুনতে হবে।
এসকে/এনএম
আরো পড়ুন : ময়মনসিংহে গ্রাম আদালত সক্রিয়করণে ঘাগড়া ইউনিয়ন পরিষদে আলোচনা সভা
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.