
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শুক্রবার দিনভর একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মহাখালী, আগারগাঁও ও মালিবাগে পৃথক এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সন্ধ্যায় মহাখালীর বনানী ফ্লাইওভারের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এর আগে দুপুরে মালিবাগ রেলগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে এ বিস্ফোরণ ঘটে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ফ্লাইওভারের প্রবেশমুখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে।
এদিকে, রাজধানীতে সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় দেওয়ার কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
রাজধানীর বিভিন্ন স্থানে সর্বশেষ বিস্ফোরণের ঘটনাগুলো কারা এবং কী উদ্দেশ্যে ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসকে/এনএম
আরো পড়ুন : কেন্দুয়ায় সাঁঝের মারামারিতে আহত ৫ : গুরুতর তিন জন ময়মনসিংহ মেডিকেলে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.