নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
খাদ্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ ও মাংস বিক্রিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুই মাংস ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর শহরের বিভিন্ন মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দুয়া পৌর প্রশাসক সানজিদা চৌধুরী। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মতিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারা অনুযায়ী দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় সাউদপাড়া মোড়ের মাংস ব্যবসায়ী আমিনুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কেন্দুয়া কাঁচাবাজারের আবুল হাশেমের মাংসের দোকানে অভিযান চালিয়ে পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৫ ও ৮ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগে ২৪ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। নির্ধারিত অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
অন্যদিকে, মৃত গরুর মাংস ক্রয়-বিক্রয়ের অভিযোগে অভিযুক্ত আরাধন বেপারীকে অভিযানের সময় পাওয়া যায় নি। তার বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযান শেষে ইউএনও সানজিদা চৌধুরী বলেন, মাংস বিক্রির ক্ষেত্রে নির্ধারিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় বাসিন্দা ও মাংস ক্রেতারা অভিযানে সন্তোষ প্রকাশ করে খাদ্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
এসকে/এনকে
আরো পড়ুন : নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কেন্দুয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.