
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার দুর্গাপুরে সরকারি ধান সংগ্রহে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে খাদ্য বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের তালিকা তৈরিতে জালিয়াতি, নির্দিষ্ট একটি সিন্ডিকেটের কাছ থেকে বারবার ধান কেনা, সরকারি অর্থ ছাড় এবং তদারকিতে গাফিলতির অভিযোগের তদন্তের পর বিরিশিরি স্থানীয় সরবরাহ ডিপোর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানকে ঢাকায় বদলি করা হয়েছে।
খাদ্য অধিদফতরের উপপরিচালক (সংস্থাপন) অনির্বাণ ভদ্র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ৩১ আগস্ট মেহেদী ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। প্রভাবমুক্ত তদন্তের স্বার্থে তাঁকে পূর্বের বরিশাল বদলির আদেশও বাতিল করা হয়েছে। বিধি অনুযায়ী বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।
তদন্ত সূত্রে জানা গেছে, ‘অভ্যন্তরীণ ধান সংগ্রহ নীতিমালা-২০১৭’ অনুসরণ না করেই বিরিশিরি এলএসডিতে ধান সংগ্রহের অভিযোগ ওঠে। কৃষি বিভাগের প্রত্যয়ন ও প্রকৃত কৃষক শনাক্ত না করেই শুধু জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে একটি অসাধু সিন্ডিকেটের কাছ থেকে ধান কেনা হতো বলে তদন্তে উঠে এসেছে।
এ ছাড়া নিবন্ধিত কৃষকের তালিকার ত্রুটিকে কাজে লাগিয়ে একই ব্যক্তির নামে একাধিকবার ধান সংগ্রহ এবং বিল পরিশোধের প্রমাণও পেয়েছে তদন্ত দল।
অন্যদিকে ধান সংগ্রহ কার্যক্রম যথাযথভাবে তদারকি না করা এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানকে ঢাকা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ভারপ্রাপ্ত সহকারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশে গত ৯ সেপ্টেম্বর এ বদলি করা হয়।
গত শনিবার (১২ সেপ্টেম্বর) মোয়েতাছেমুর রহমান গণমাধ্যমকে বদলির বিষয়টি নিশ্চিত করে এটিকে ‘নিয়মিত প্রশাসনিক বদলি’ বলে দাবি করেন।
নেত্রকোনায় সরকারি চাল ও খাদ্যশস্য নিয়ে অনিয়মের অভিযোগ নতুন নয়। চলতি বছর মদন উপজেলায় দুই দফায় পাচারের সময় ২৫ টন সরকারি চাল জব্দ করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গত ১৪ মে ২০ টন এবং ৪ সেপ্টেম্বর ৫ টন চাল জব্দ করা হয়।
এ ছাড়া গত বছরের ২১ জুন কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৫১৫ কেজি সরকারি চাল জব্দ করেছিল সেনাবাহিনী।
খাদ্য মন্ত্রণালয় ও অধিদফতর সূত্র জানিয়েছে, দুর্গাপুরে ধান সংগ্রহে অনিয়মের সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্য সদস্যদের শনাক্ত করতে বিভাগীয় তদন্ত আরও জোরদার করা হয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : দুর্গাপুরে পলিথিনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জব্দ ৩৯ কেজি
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.